December 5,2025
নস্টালজিয়া
#ঘোর /স্বপ্ন/বাস্তবতা
হঠাত লজিস্টিকের কোডিং করতে করতে মনে হল জিয়ন আমাকে কখনও সেই আজিম্পুরের সিনেমা হলে সিনেমা দেখাতে নিল না। আজিমপুর ১ নম্বর গেটের সিনেমা হল। সস্তা সব পোস্টার ছাপা। বাহিরের গেটের থেকে সিনেমাহলের দেয়ালটা স্পষ্ট দেখা যায় না। তবে মানুষগুলা যেখানে লাইনে দাঁড়ায় আর কলাপসিবল গেটের সামনের দাড়োয়ানটা দরজা খুলে দেয়- সেটা দেখি। এ জায়গাটায় দাড়াই ছোটো টেম্পুগুলায় চড়ার উদ্দেশ্যে, বা কোনো বন্ধু বাসা চিনে না তাকে এই গেটটার কথা বলে চিনাই। অপেক্ষায় দাড়াই। অথবা টেম্পুগুলো আমাদেরকে এ পর্যন্ত দিয়ে যায়। দাড়াই।
সামনেই মুস্তফা খেলার দোকান। পিছনের দিকে সিনেমা হল। বাহিরের গেটটা খুলে ঢুকলে হয়ত দুই তিন মিনিট হাটতে হয় সিনেমা হলে পৌছতে। অথবা স্মৃতিতে এতদূর মনে হচ্ছে। কোনো রাতে হলুদ বাতির নিচে দাড়ায়ে হাত নাড়িয়ে এমনেই বলতেসিলাম জিয়নকে - এইখানে একদিন সিনেমা দেখাতে নিয়ে যাস। ২০১৮।
এতদিন পরে আজকের দিনে মনে হল সে কথা।
স্বপ্ন দেখলাম মায়ের বাসার পাচতলার বারান্দায় গল্প করতেসি মা হাতে ঝাড়ু নিয়ে ঝাড়ু দেয়। গ্রীল ধরে মাথা গ্রীলে ঠেকায়ে নিচের দিকে তাকায়ে আছি বাবা গেসে নামাজে এখন আসবে হয়ত। আর মায়ের সাথে গ্রীলে ময়লা পরার গল্প শুনি। ঝাট দেয় মা। নিচে বাবাকে দেখা গেল পাঞ্জাবি পরে এসে দাড়ালো দরজায়। বাবার চোখের দিকে তাকালে দেখি অনেক দূরে থাকে বাবা, অনেক দূর থেকে আসে - বাস্তবতায় আসার দরকার হলে, কিন্তু এখানে - বর্তমানে যেন বিলং করে না- চাহনিতে বুঝা যায়। পাচতলা থেকে চোখের মনির নড়ন দেখা যায় না তবে টের পাই অভিজ্ঞতা থেকে সর্বদাই স্মৃতি তৈয়ার হতে থাকে।
বাবা বলে ডাক দিলাম। স্বপ্নে আমি হয়ত এই বাসায় থাকি না। আমার হয়ত নিজের জায়গা আছে আর তাই মাঝেমাঝে আসি দেখে বাবার অবাক চাহনিটা ক্রেভ করি। বাবা বলে ডাক দিলাম - হাক ছাড়লাম। মা বলল "তোর বাপে কানা হইসে কানে শুনবো নাকি এতদূর থেকে?"
ডাক শুনে বাবাকে ছটফটে হতে দেখি। ডানে বামের অন্যান্য বিল্ডিংএর উচার বারান্দায় তাকাতে দেখি ছটফট ভাবে। শেষে তাকায় তার বাসার বারান্দায়, আমার অস্তিত্ব বুঝে হয়ত, আমাকে দেখে না। চোখের জ্যোতি পরে যাচ্ছে আস্তে আস্তে... পাশের বাসার লাকির মাও তখনও বাসার নিচে এসে দাঁড়ায়। বাবাকে সম্ভাষণ জানায়, বাবা তার দিকে ফিরে। আমার দরাম করে ঘুম ভেঙে যায়। আমি জানি বাবার চোখ আমাকে খুজে বেড়ায়। আমার ডাক বাবা শুনতে পায়। জ্যোতি কমে যায়, আয়ু কমে যায়, জীবনবাতি আস্তে আস্তে নিভে যায়...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন